দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। ঘোষিত তালিকায় মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড স্থান পেয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এবারের তালিকায় বিনোদন অঙ্গনে বিশেষভাবে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।
চলচ্চিত্রে দীর্ঘ ও ধারাবাহিক অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। অন্যদিকে, বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু।
এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীতরা হলেন—
অধ্যাপক আব্দুস সাত্তার (চারুকলা)
ওয়ারফেজ (সংগীত)
মেরিনা তাবাসসুম (স্থাপত্য)
ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা)
শফিক রেহমান (সাংবাদিকতা)
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা)
তেজস হালদার যস (ভাস্কর্য)
অর্থী আহমেদ (নৃত্য)
একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।