বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন 'কেয়ামত থেকে কেয়ামত' নির্মাতা ও পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান। স্নায়ুতন্ত্রের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি।
দেশের প্রায় সব চিকিৎসা ব্যর্থ হয়েছিল। তাই শেষ ভরসা হিসেবে জাপানে যেতে চেয়েছিলেন এই নির্মাতা। করা হয়েছিল সব বন্দোবস্তও।
তবে সেটা আর হলো না। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
গত ৮ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই নির্মাতা বলেছিলেন, 'কয়েক মাস ধরেই আমি নিউরো (স্নায়ু) সমস্যায় ভুগছি। দেশে কয়েক দফায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। এবার দেশের বাইরে চিকিৎসা করবো বলে ঠিক করেছি। এরই মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে আছে। সবার কাছে দোয়া চাই, সুস্থ হয়ে যেন ফিরতে পারি।'
আগামী ১৫ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশে জাপান যাওয়ার কথা ছিল। যার সব ব্যবস্থা করেছিলেন জাপানে থাকা সোহানের এক বন্ধু। তার পরামর্শ অনুসারেই সেখানে চিকিৎসা নিতে চেয়েছিলেন।
সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।
এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।
তিনি চলচ্চিত্র সংগঠক হিসেবেও প্রশংসিত। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও সভাপতি হিসেবে বেশ কয়েক দফায় দায়িত্ব পালন করেছেন।
শুটিংয়ের জন্য প্রস্তুত ছিল এই নির্মাতার নতুন তিনটি ছবি। এগুলো হলো ‘অবলা নারী’, ‘জেদী’ ও 'স্বপ্নের রাজকুমার'।