নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘কাগজ’ মুক্তি পায় গেল বছরের ২৩ ডিসেম্বর। দেশের সিনেমা হলের পর এবার একটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী বৃহস্পতিবার থেকে ছবিটি দেখা যাবে দীপ্ত প্লে’তে। এমনটাই জানালেন জাহেদী।
নির্মাতার ভাষ্য, ‘ছবিটি দীপ্ত প্লে’র মাধ্যমে বিশ্বব্যাপী সবাই দেখতে পাবেন। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি ছবি পাবেন বলেই আমার বিশ্বাস।’
ছবিতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। সিনেমাটি নিয়ে তিনি বললেন, ‘‘এই প্রথম ওটিটি প্ল্যাটর্ফমে আমার কোনও কাজ যাচ্ছে। আমি খুবই আশাবাদী। সবাইকে অনুরোধ করবো দীপ্ত প্লেতে ‘কাগজ’ দেখার জন্য।’’
থ্রিলার ও রোমান্টিক ঘরনার সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম।
‘কাগজ’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজসহ অনেকে। এতে তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্ণিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর।
মুক্তির আগেই কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিলনাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে ‘কাগজ’।