ঢাকাই ছবির কিং বা ঢালিউড কিং—হরহামেশাই এমন মন্তব্য শুনে অভ্যস্ত শাকিব খান। তবে এবার ভারতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হলো এই সুপারস্টারের।
ভারতীয় মিডিয়া তাঁকে সম্বোধন করলো ‘বাংলাদেশের শাহরুখ খান’ বলে। গেল সপ্তাহে প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এর শুটিংয়ে অংশ নিতে ভারতে যান শাকিব খান। কথা বলেন ভারতীয় গণমাধ্যমের সঙ্গে।
জুম টিভির সংবাদকর্মী সামিনা শেখ সাক্ষাৎকার নেওয়ার সময় শাকিব খানকে বলেন, ‘শাকিব ভাই, আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! তাই না?’
প্রশ্ন শুনে স্মিত হেসে শাকিব খান বলেন, ‘না না। তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অভিনেতা। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তাঁর সাথে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তাঁর সাথে আমাকে তুলনা করে।’
কথায় কথায় জানিয়ে দেন নিজের ভক্তদের বিষয়েও। শাকিবিয়ান প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই ‘শাকিবিয়ান’ বলে। তাঁদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকে আমি এখানে। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার পাশে থাকে।’’
প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খানের বিপরাীতে দেখা যাবে বলিউড তারকা সোনাল চৌহানকে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালাম) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।