যত হলে মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’

আজ শুক্রবার (১০ নভেম্বর) সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‌‘যন্ত্রণা’। প্রেম-ভালোবাসার রোমান্টিক গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন আরিফুর জামান আরিফ। মুখ্য তিনটি চরিত্রে আছেন আদর আজাদ, মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি। এর মধ্যে প্রথম দুজন ইতোপূর্বে আলাদাভাবে পর্দায় হাজির হয়েছেন। তবে সায়মা স্মৃতি নবাগত, এ চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর।

সিনেমাটি নিয়ে পরিচালকের ভাষ্য, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।”

জানা গেছে, সারা দেশের ২৪টি সিনেমা হলে দেখা যাবে ছবিটি। এর আগে গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রতি সম্মান দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন সংশ্লিষ্টরা। 

২৪টি হলে মুক্তি পাচ্ছে যন্ত্রণা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভেঙে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন মানসী প্রকৃতি। তাঁর ভাষ্য, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

আদর আজাদ বললেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে আমি আর প্রকৃতি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আশা করছি, আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।’

নবাগত নায়িকা সায়মা স্মৃতি বলেন, ‘‘বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই যাত্রা করতে চেয়েছিলাম, ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। যেহেতু সিনেমায় প্রথম কাজ, তাই প্রত্যাশাও একটু বেশি।”

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া।