সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই কিংবা কান পাতলেই শোনা যাচ্ছে ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। বর্তমানে এই সংলাপ সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে। দীপিকা পাড়ুকোন, মালাইকা আরোরা, রণবীর সিং, নুসরাত জাহান—কে নেই এই তালিকায়! এমনকি তা ছড়িয়ে পড়েছে সুদূর আমেরিকাতেও। সম্প্রতি নিক জোনাসকেও দেখা গেছে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে বলছেন, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। এই ট্রেন্ডের ছোঁয়া লেগেছে বাংলাদেশি অভিনয়শিল্পীদের মাঝেও। বিশেষ করে, অভিনেত্রী অনেকে সমাজমাধ্যমের পাতায় ছবির ক্যাপশন কিংবা ভিডিওতে বলছেন ‘....ওয়াও’।
সম্প্রতি ভক্তদের সঙ্গে একটি ফেসবুক রিল শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। যেখানে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। এ বিষয়ে কথা হলে অভিনেত্রী বললেন, ‘‘আসলে আমি হাসতে খুব ভালোবাসি। শুধু এই ভিডিওই নয়, আমার বিভিন্ন নাটকে মজার কোনো মুহূর্ত থাকলে সেগুলোও শেয়ার করি ভক্তদের সঙ্গে। কারণ, এই ব্যথা-বেদনার পৃথিবীতে হাসতে পারাটা খুবই দরকার। সেই ভাবনা থেকেই মাঝেমধ্যে ফানি ভিডিও শেয়ার করি। আর ‘জাস্টা লুকিং লাইক আ ওয়াও’ তো এখন সবার মুখে মুখে, এ জন্যই ভাবলাম এটা নিয়ে কিছু করি।’’
শুধু নাদিয়াই কেন, এই ট্রেন্ডে সুর মিলিয়েছেন সুনেরাহ বিনতে কামাল, নাবিলা বিনতে ইসলাম, রুকাইয়া জাহান চমকরাও। কখনও কখনও শুটিং সেটেও তাঁরা এ নিয়ে বেশ মজা করছেন। তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলীরাও।
এ প্রসঙ্গে অভিনেত্রী সুনেরাহ বললেন, ‘‘‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও, গর্জিয়াস’ বলতে খুব ভালো লাগে। মূল ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়ে গেছি। সে হিসেবেই আমার একটি ছবির ক্যাপশনে এটা জুড়ে দিয়েছি।’’
এদিকে, ভাইরাল এই সংলাপটি বেশ মনে ধরেছে বলে জানিয়েছেন অভিনেত্রী নাবিলা ইসলামও। বললেন, ‘অনেকটা ফান (মজা) করার উদ্দেশ্যেই এটা নিয়ে রিল বানিয়েছি। ছবির ক্যাপশনও দিয়েছি। এ ছাড়া এই ডায়লগের একটা রিভার্স ভার্সনও প্রকাশ পেয়েছে। এরইমধ্যে তা আমার স্টোরিতে শেয়ার করেছি। সামনেও আরকেটা ভিডিও শেয়ার করব।’
মূলত জেসমিন কৌর নামে এক নারী ইনস্টাগ্রাম লাইভে থ্রিপিসের বিজ্ঞাপন করছিলেন। পোশাকের বর্ণনা দিতে গিয়ে বারবারই তিনি এই কথাগুলো বলে যাচ্ছিলেন। এখান থেকেই মূলত ট্রেন্ডের শুরু। তাঁর এমন মজার ব্যাখার কারণেই মিম আকারে ভাইরাল হয় ভিডিও ক্লিপটি। এরপর থেকেই শুরু হয় সংলাপটির সঙ্গে ঠোঁট মিলিয়ে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে রিল বানানোর হিড়িক।