দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। তাই শাবনূরকে নিয়ে সবার প্রত্যাশা ছিল সময় নিয়েই ইন্ডাস্ট্রির সবার সঙ্গে দেখা সাক্ষাত করবেন তিনি। তবে সেটা আর হলো না। হুট করেই উড়াল দিলেন নায়িকা। না, অস্ট্রেলিয়া নয়, তিনি গেলেন যশোরে।
অনেকটা গোপনে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ চিত্রনায়িকা। গতকাল (১৭ ডিসেম্বর) ছিল এই নায়িকার জন্মদিন। এদিন নতুন সিনেমা ‘মাতাল হাওয়া’র ঘোষণাও আসে। যেখানে শাবনূরের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
জন্মদিনের বিশেষ দিনটি কাটিয়ে আজ সোমবার সকালে বিমানের একটি ফ্লাইটে নায়িকা উড়াল দিয়েছেন নিজ গ্রামের বাড়ি যশোরে। জানালেন, সেখানে নিকট আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। ফিরবেন চলতি মাসের ২৮ তারিখ।
জানা গেছে, দীর্ঘদিন পর দেশে আসার কারণে ব্যক্তিগত অনেক কাজ জমে গেছে শাবনূরের। আপাতত সেসব কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি। এর মধ্যে নতুন সিনেমার অনুশীলনেও অংশ নিয়েছেন এই চিত্রনায়িকা। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে আরও কিছুদিন সময় লাগবে তার। এর মধ্যে নাকি নির্মাতার (চয়নিকা চৌধুরী) কাছ থেকে তিন মাসের সময়ও চেয়েছেন শাবনূর। এই তিন মাসের মধ্যে নিজের ফিটনেস ঠিক করে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
শাবনূরের এবারের ঢাকা সফর তিন মাসের মতো। আগামী বছর ফেব্রুয়ারিতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তবে সেটিও মাত্র ১৫ দিনের জন্য। মার্চের শুরুর দিকে আবার ঢাকায় আসবেন এই চিত্রনায়িকা। এই সময়ের মধ্যে সাংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের মুখোমুখি হওয়ার খুব একটা ইচ্ছে নেই তার। আর ‘মাতাল হাওয়া’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনাও মার্চের দিকে।