আজ মুক্তি পেয়েছে নতুন দুই বাংলা সিনেমা। প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল-জয়া আহসান অভিনীত ও নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ২৭টি হল পেয়েছে। অন্যদিকে জয় চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত এবং দ্বীন ইসলামের ‘ট্র্যাপ’ ২১ হলে দেখা যাচ্ছে।
বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্যের গল্প নিয়ে নূরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘পেয়ারার সুবাস’। ২০১৬ সালে শুটিং শুরু হওয়ার আট বছর পর এটি পর্দায় এলো। এতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরো আছেন তারিক আনাম খান, প্রয়াত আহমেদ রুবেল, সুষমা সরকার প্রমুখ।
গত বুধবার পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হার্ট অ্যাটাক করলে মারা যান আহমেদ রুবেল। সিনেমাটি প্রয়াত এই অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। পেয়ারার সুবাস প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ, সহ-প্রযোজনায় আছে চরকি।
অন্যদিকে, ট্র্যাপ সিনেমাটির কাহিনি এগিয়েছে রোমান্স, ক্রাইম ও সাইন্স ফিকশন ঘরানায়। গল্প লিখেছেন নূরজাহান বেগম। আবহ সংগীত করেছেন বেলাল হোসাইন চঞ্চল ও এমএ রহমান। প্রযোজনা করেছে ডিএন প্রডাকশন।
এর আগে সিনেমাটি দুর্গপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। ছবিতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, দ্বীন ইসলাম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ডিএন বাংলা।
এটি জয়-অপু জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল এই জুটির ‘প্রেম প্রীতির বন্ধন’।