গত সপ্তাহে মুক্তি পেয়েছিল—নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও দ্বীন ইসলামের ‘ট্র্যাপ’। এ সপ্তাহেও সিনেমা হলে এসেছে দুটি সিনেমা। একটি আবদুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, অন্যটি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানে নির্মিত এই দুটি সিনেমা মুক্তিও পেয়েছে সমানসংখ্যক ২৩টি হলে।
চা শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। এর শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলের চা বাগানে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনই রয়েছেন চা শ্রমিকের ভূমিকায়। সিনেমাটি দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় জুটি হয়ে ফিরেছেন নিরব ও অপু বিশ্বাস। এর আগে সবশেষ তাঁদের দেখা গিয়েছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবিতে।
সিনেমাটিতে নিরব-অপু ছাড়াও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল হাসান মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা। আজ ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।
চিত্রনায়িকা দীঘি অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে নায়ক গাজী আব্দুন নূরের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।
গল্পে দেখা যাবে, মা-বাবা ও হবু বরকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছে মৌ। উঠেছে বাবার বন্ধুর বাড়িতে। সেই বাড়ির আশ্রিত যুবক শুভ। অতি সরল ও পরোপকারী শুভকে খুবই ভালোবাসে গ্রামের মানুষজন। এই যুবকের সঙ্গে ধীরে ধীরে একটি সস্পর্ক তৈরি হয় মৌয়ের।
দীঘি-নূর ছাড়াও এতে অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন ‘ঝিনুক মালা’খ্যাত নির্মাতা আবদুস সামাদ খোকন। সারা দেশের ২৩টি সিনেমা হলে দর্শকরা দেখতে পাবেন এটিও।