১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। তবে এখনও কোনো চলচ্চিত্র আলোচনায় আসতে পারেনি। হয়নি হিটও। কিন্তু গত কয়েকটা দিন ধরেই আলোচনায় আছেন এই নায়িকা। কারণ শাকিব খানের বিয়েতে নিজেকে অনেকটাই জড়িয়ে ফেলেছেন।
উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বিতর্কিত বিষয়গুলো নিয়েও কথা বলে সমালোচনায় জড়িয়েছেন। এর মধ্যে আবার আরেক চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করে বসেন মিষ্টি জান্নাত। তার জেরে তমা মিষ্টির ঠিকানায় পাঠিয়েছিলেন আইনি নোটিশ।
সেখানে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তাঁর ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
আজ (২৭ মে) নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে লেখা হয়, তমা মির্জা মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেবেন।
অন্যদিকে, তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ করে মিষ্টি জান্নাত বলেছিলেন, ‘আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। আমি তো এখন টক অব দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই।’