সিনেপ্লেক্সে সর্বোচ্চ শোয়ের রেকর্ড তুফানের

স্টার সিনেপ্লেক্স—দেশের প্রথম অত্যাধুনিক সিনেমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার বয়স ২০ বছর। বর্তমানে ৫৫টি করে শো প্রদর্শন করে প্রেক্ষাগৃহটি। এবারের ঈদে প্রতিষ্ঠানটি তুফান সিনেমায় ৪৮টি শো চালাচ্ছে। গতকাল (১৮ জুন) ৪৭টি এবং আজকে ৪৮টি শো চলবে বলে জানা গেছে।

ফলে দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা ছবির অতীতের সব রেকর্ড ভেঙে শাকিব খান অভিনীত ‘তুফান’ সর্বোচ্চ শো পেয়েছে!

ঈদের দ্বিতীয়দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কতে পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায়নি।’

জানা যায়, সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’ এর। এরপরের অবস্থানে ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ এর। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’ এর শো ছিল ৩২টি, সুড়ঙ্গ ৩১টি, হাওয়া ২৬টি, প্রিয়তমা ২১টি করে শো চলেছিল। এবার দৈনিক শো-এর রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এ ছবিটিতে তার বিপরীতে আছেন মিমি ও নাবিলা।