তিন বছর সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল চলচ্চিত্র ‘রং ঢং’। এবার এটি আসছে সিনেপর্দায়। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আহসান সারোয়ার। তিনি জানান, আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। নির্মাতা বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আমরা শিগগিরই মুক্তির দিনটি ঘোষণা করব।’
সিনেমা প্রসঙ্গে তিনি আরও জানান, এতে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র নয়, প্রায় প্রতিটি চরিত্রই প্রাধান্য দেওয়া হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়েই এর গল্প এগিয়েছে।
তেমনই একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান।
জামিল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক গল্প আছে। সেগুলোই একই ফ্রেমে দেখা যাবে এ সিনেমার মাধ্যমে।’