নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’ ওয়েব সিরিজের ট্রেলার গত ৬ নভেম্বর মুক্তি পায়। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। যার একটি সংলাপ এমন—‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...?’
এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।’’
এমন নানা কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে সিরিজটি? সেদিনই ফারুকী বলেছিলেন, খুব শিগগিরই দেখতে পাবেন কাজটি।
দর্শকদের জন্য সুখবর হচ্ছে, কাজটি সিনেমা আকারে চলতি মাসের ১৩ তারিখেই দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।
অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এতে।