বিজয় দিবসের পোস্টার করে বিতর্কে ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ মনোয়ার হোসেন ডিপজল। পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। তিনি মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছেন পোস্টার।

আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। কারণ—রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার। আরও সুনির্দিষ্ট করে বললে, আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও বিএনপির রাজনীতিকে অস্বীকার করে আসা এ তারকার পোস্টারে এখন বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে তাঁর ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

ডিপজলের পোস্টার। ছবি ফেসবুক থেকে নেওয়াশুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস! মুক্তির বার্তা নিয়ে বার বার ফিরে আসুক ডিসেম্বর মাস।’

পোস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন মনোয়ার হোসেন ডিপজল। ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে ২০২১ সালে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় ফরম না কিনে একপ্রকার চুপিসারে বের হয়ে আসেন।

ঢাকা ১৪ আসনের জন্য ডিপজলের করা পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়াকারণ হিসেবে জানা যায়, আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্যপদে ছিলেন না ডিপজল।

আওয়ামী লীগে বা এর কোনো সহযোগী সংগঠনে যোগদান করেছেন, এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। 

প্রসঙ্গত, মনোয়ার হোসেন ডিপজল ১৯৯৪ সালে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিএনপি সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তা বারবারই অস্বীকার করেছেন। দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে।