শোনা যাচ্ছে, বাংলা সিনেমার ইতিহাসে নাকি নতুন রেকর্ড গড়লেন শাকিব খান। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির জন্য তিনি নিচ্ছেন ৩ কোটি টাকা পারিশ্রমিক—এমন খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে শোবিজপাড়া। ভক্তরা উচ্ছ্বসিত, আবার অনেকেই প্রশ্ন তুলছেন।
সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক ও ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতান। তাঁর ভাষায়, ‘যেটা তিনি ডিজার্ভ করেন, সেটা তাঁকে দিতেই হবে। আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়াটা একেবারেই স্বাভাবিক। আমরা যে ভাবনা থেকে এই ছবি নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’
তিনি আরও জানান, ‘‘‘প্রিন্স’র গল্প শোনানোর সময় শাকিব একটানা ৪৫ মিনিট শুনে ফেলেন। মনোযোগ দেখে মনে হচ্ছিল, যেন গল্পটা আগেই মুখস্থ। আসলে এত বছরের সাধনা ও অভিজ্ঞতাই তাঁকে এই জায়গায় এনেছে।’’
অন্যদিকে, দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সিনেমার সদ্য উন্মোচিত ফার্স্টলুক। পোস্টারে দেখা যায়—দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব, চারপাশে পিস্তল তাক করা অসংখ্য হাত। পুরো ব্যাপারটা গ্যাংস্টার লুকের ইঙ্গিত দিচ্ছে। সেখানে উঠে এসেছে ঢাকার বিভিন্ন জায়গার নাম—উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার ও গেন্ডারিয়া।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য এই ছবির গল্পে থাকছে অ্যাকশন, ক্রাইম, প্রেম আর ইমোশনের মিশেল। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটিতে শাকিবের বিপরীতে তিন নায়িকার উপস্থিতির আভাস মিললেও তাঁদের নাম এখনও গোপন রেখেছেন নির্মাতারা।