মুক্তি পাচ্ছে সালমান শাহকে ঘিরে নির্মিত ‘লাভ ৯৬’

নব্বইয়ের দশক। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য অপেক্ষা—সময়ের সঙ্গে এসব স্মৃতিই এখন হয়ে উঠেছে এক প্রজন্মের নস্টালজিয়া। আর সেই সময়টাকেই পর্দায় ফিরিয়ে আনছে ‘লাভ ৯৬’।

তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় নির্মিত সিনেমাটি অমর নায়ক সালমান শাহর জীবনী কিংবা তাঁর মৃত্যুরহস্য নিয়ে নয়। বরং নব্বইয়ের দশকে সালমান শাহকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া উন্মাদনা, আবেগ, ভালোবাসা এবং ভক্তদের পাগলামির গল্পই উঠে আসবে এতে। আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

নির্মাতা ইভান মল্লিক জানান, সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর ঠিক দুদিন আগে, ৪ সেপ্টেম্বর শুক্রবার, মুক্তি দেওয়া হবে ‘লাভ ৯৬’।

গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতার ভাষ্য, সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা বোর্ডের সদস্যদেরও প্রশংসা কুড়িয়েছে।

ইভান মল্লিক বলেন, ‘সিনেমাটি যেহেতু সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।’

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।