কানাডার সিনেমায় জায়েদ-অধরা

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও আন্তর্জাতিক প্রজেক্টে। এর মধ্যেই কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমার নতুন এক জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন তাঁরা। নতুন সিনেমার নাম ‘ভায়োলেন্স’। এটি নির্মাণ করছেন কামাল হোসেন বাবর।

জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। দেশের চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারের পর আন্তর্জাতিক পরিসরে নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় কানাডায় নির্মিত এ সিনেমায় অধরার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা।

অধরা খান। ছবি: সংগৃহীতঅন্যদিকে অধরা খানের আন্তর্জাতিক যাত্রায় কানাডা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর স্টেজ শো, বিজ্ঞাপন ও শোবিজের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও যুক্ত হয়েছেন তিনি। কাজের প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াতের মধ্যেই এগিয়ে নিচ্ছেন নিজের ক্যারিয়ার।

জায়েদ খান। ছবি: সংগৃহীতকানাডায় হলিউডের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি ২০২৬ সালের শুরুতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘ফোর্টি এইট আওয়ার্স’-এ কাজের খবরও জানিয়েছিলেন অধরা। অর্থাৎ দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও নিজের জায়গা তৈরি করছেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই এবার বাংলাদেশের সিনেমা ‘ভায়োলেন্স’-এ জুটি হচ্ছেন জায়েদ খানের সঙ্গে।