ফার্স্টলুক প্রকাশ্যে, কবে আসছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’

অনেক বছর আগেই ইংরেজ সাহিত্যিক মেরি শেলির বিখ্যাত উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’কে পর্দায় রূপায়নের আগ্রহ প্রকাশ করেছিলেন অস্কারজয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরো। অবশেষে সেটাই হতে যাচ্ছে! প্রকাশ্যে এল এই নির্মাতার আসন্ন চলচ্চিত্র ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর ফার্স্টলুক। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অস্কার আইজ্যাক।

আগামী নভেম্বরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। যেখানে অস্কার আইজ্যাককে দেখা যাবে একজন ‘উন্মাদ বিজ্ঞানী’র ভূমিকায়। প্রকাশিত ফার্স্টলুকে তাঁকে একটি রহস্যময় শিশি হাতে ধরে রাখতে দেখা গেছে।

সম্প্রতি ‘নেক্সট অন নেটফ্লিক্স’ অনুষ্ঠানে পূর্ব রেকর্ড করা এক বার্তায় লেখক-নির্মাতা দেল তোরো তাঁর নির্বাচিত ফার্স্টলুকটি প্রকাশ করেন।
   
গিয়ের্মো দেল তোরো। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই চলচ্চিত্রটি আমার মনে গেঁথে আছে, পঞ্চাশ বছর ধরে। ২০-২৫ বছর ধরে আমি চলচ্চিত্রটি বানানোর চেষ্টা করেছি। আসলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি একটু-আধটু ‘ফ্রাঙ্কেনস্টাইন’ দ্বারা প্রভাবিত।’’

যোগ করে বলেন, ‘সম্ভবত তারা সঠিক। লক্ষ্য করে দেখবেন, কয়েক দশক ধরেই চরিত্রটি আমার আত্মার সঙ্গে একপ্রকার জুড়ে আছে, যা নিয়ে আত্মজীবনীও হতে পারে। এর চেয়ে বেশি ব্যক্তিগত কিছু নয়। আমি আশা করছি ছোট্ট এই চরিত্রটি সবাউ উপভোগ করবেন।’

‘প্যানস ল্যাবিরিন্থ’ নির্মাতা আরও জানান যে, এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিয়া গোথকেও, যিনি ‘ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন’ আইজ্যাকের মুখোমুখি হবেন।

এতে আরও অভিনয় করেছেন ক্রিস্টোফ ওয়াল্টজ, ফেলিক্স ক্যামার, লার্স মিকেলসেন, ডেভিড ব্র্যাডলি, ক্রিশ্চিয়ান কনভারি ও চার্লস ডান্স প্রমুখ। এই নির্মাতার অন্যান্য কাজের মতো এটিতেও অংশীদারী হিসেবে রয়েছে নেটফ্লিক্স।