একই দিনে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’

হলিউডপ্রেমীদের জন্য সুখবর—একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে দুটি আলোচিত সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। আগামী ৪ জুলাই থেকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এই ছবি দুটি উন্মুক্ত করা হচ্ছে।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি এটি। ২০২২ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’-এর পরবর্তী গল্প হলেও ছবিটি একটি স্বতন্ত্র সিক্যুয়েল। পরিচালনায় গ্যারেথ এডওয়ার্ডস। মূল চরিত্রে আছেন স্কারলেট জোহানসন, যিনি একজন বিশেষজ্ঞ হিসেবে ডাইনোসরের ডিএনএ সংগ্রহে বিপজ্জনক মিশনে যান। সঙ্গে রয়েছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। ১৮০ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিতে রহস্য, বিজ্ঞান ও অ্যাকশনের মিশেলে গড়ে উঠেছে এক রোমাঞ্চকর অভিযান।

২৮ ইয়ারস লেটার
ড্যানি বয়েল পরিচালিত জম্বি-থ্রিলার ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় ছবি এটি। ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই ১৪ মিলিয়ন ডলার আয় করেছে। গল্পে দেখা যাবে, ভয়ংকর ‘রেজ ভাইরাস’ থেকে বাঁচতে কিছু সার্ভাইভার একটি ছোট গ্রামে আশ্রয় নেয়। কিন্তু ১২ বছরের স্পাইক ও তার মা চিকিৎসার প্রয়োজনে বাইরে গেলে ভয়াবহ বিপদের মুখোমুখি হয়।

অভিনয়ে অ্যালফি উইলিয়ামস, জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। পুরো ছবির শুটিং করা হয়েছে আইফোনে, যা এর ভিজ্যুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে।