হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাওমি ওয়াটস অবশেষে নিজের নামে পেলেন বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’-এর একটি তারকা। সোমবার (১৩ অক্টোবর) লস অ্যাঞ্জেলসের হলিউড বুলেভার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় তাঁর নামাঙ্কিত সেই তারকা।
ওয়াক অব ফেম মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের একটি বিখ্যাত সড়ক, যার মাটিতে স্থায়ীভাবে খোদাই করে রাখা হয় চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নাটক ও রেডিও জগতের কিংবদন্তিদের নাম। এই তারকাসমূহ শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক।
অনুষ্ঠানে ওয়াটসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা এডওয়ার্ড নর্টন, প্রযোজক ও পরিচালক রায়ান মারফি, স্বামী বিলি ক্রুডাপ ও অভিনেতা জ্যাক ব্ল্যাক।
তারকা উন্মোচনের পর বক্তব্যে আবেগাপ্লুত ওয়াটস স্মরণ করেন অভিনয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয়ের মুহূর্তটি। বলেন, ‘‘আমি তখন চার বছরের শিশু, মায়ের ‘মাই ফেয়ার লেডি’ নাটক দেখছিলাম। মাকে মঞ্চে দেখে বুঝেছিলাম অভিনয়ের জাদু কী, আর তখনই ঠিক করেছিলাম—আমি এই জগতের অংশ হব।’’
সম্প্রতি নারী জীবনের বিভিন্ন পর্যায় ও পরিবর্তন নিয়ে খোলামেলা আলোচনা করার জন্যও আলোচনায় রয়েছেন ওয়াটস। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘‘মানুষ আমাকে এখন ‘মেনোপজ লেডি’ বলে ডাকে। এই সম্মান প্রমাণ করে, একজন নারীর মূল্য চল্লিশ বা পঞ্চাশ পার হলেই শেষ হয় না।’’
দুই দশকেরও বেশি সময় ধরে হলিউডে সক্রিয় নাওমি ওয়াটসের অভিনয়জীবন শুরু হয় ডেভিড লিঞ্চের নির্মিত ‘মুলহল্যান্ড ড্রাইভ’ ছবির মাধ্যমে। এরপর ‘টোয়েন্টি ওয়ান গ্রামস’ ও ‘দ্য ইম্পসিবল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি দুটি অস্কার মনোনয়ন পান।
আগামী বছর রায়ান মারফির নতুন ধারাবাহিক ‘লাভ স্টোরি’-তে তাঁকে দেখা যাবে সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির চরিত্রে।