আত্মহত্যা করেছেন হলিউড তারকা জেমস রেনসোন

হলিউডে আবারও আত্মহত্যার সংবাদ। এইচবিও’র কাল্ট সিরিজ ‘দ্য ওয়ার’ থেকে শুরু করে ভৌতিক সিনেমা ‘সিনস্টার’ ও ‘ইট: চ্যাপ্টার ২’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটে যাওয়া অভিনেতা জেমস রেনসোন আর নেই। গত ১৯ ডিসেম্বর মাত্র ৪৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী লসৈ অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিস অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেতা জেমস রেনসোন।

টেলিভিশন ও সিনেমা—দুই মাধ্যমেই শক্তিশালী উপস্থিতির জন্য পরিচিত ছিলেন জেমস। তবে তাঁকে সবচেয়ে বেশি মনে রাখা হবে এইচবিও’র বহুল প্রশংসিত সিরিজ ‘দ্য ওয়ার’-এর জিগি সোবোটকা চরিত্রের জন্য। সিরিজটির দ্বিতীয় সিজনের ১২টি পর্বে আবেগপ্রবণ এক মাদক ব্যবসায়ীর ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের আলাদাভাবে নাড়া দিয়েছিল। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজে ডমিনিক ওয়েস্ট, ইদ্রিস এলবা, মাইকেল কেনেথ উইলিয়ামস, ল্যান্স রেডডিক, ওয়েন্ডেল পিয়ার্সসহ একঝাঁক তারকার সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

ভৌতিক ঘরানার সিনেমায়ও ছিল রেনসোনের দৃঢ় পদচারণা। ‘দ্য ব্ল্যাক ফোন’ সিনেমায় ম্যাক্স চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের শিউরে উঠতে বাধ্য করে। স্টিফেন কিংয়ের ছেলে জো হিলের লেখা ছোট গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে এক কিশোরকে কেন্দ্র করে ভয়ংকর কাহিনি তুলে ধরা হয়, যেখানে একজন সিরিয়াল কিলারের চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জনপ্রিয়তার ধারাবাহিকতায় পরবর্তীতে ‘ব্ল্যাক ফোন ২’-তেও অভিনয় করেন তিনি।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর কাউন্টির টাইসন শহরে জন্ম ও বেড়ে ওঠা জেমস রেনসোন অভিনয়ের পাঠ নেন কার্ভার সেন্টার ফর আর্টস অ্যান্ড টেকনোলজিতে। থিয়েটার দিয়ে শুরু হওয়া তাঁর যাত্রা ধীরে ধীরে জায়গা করে নেয় টেলিভিশন ও বড় পর্দায়।

চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার দক্ষতা ও আলাদা অভিনয়ভঙ্গির জন্য দর্শকদের কাছে আলাদা করে পরিচিত ছিলেন জেমস রেনসোন। তাঁর অকালপ্রয়াণে হলিউডের বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে শূন্যতা, আর ভক্তদের হৃদয়ে রেখে গেলেন অসংখ্য স্মরণীয় চরিত্র।