বিশ্বকাপ উন্মাদনায় ‘চলো বাংলাদেশ কনসার্ট’

চলছে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটপ্রেমীদের সেই উন্মাদনা বাড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করেছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি গ্রামীণফোন। আগামী ২০ অক্টোবর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। গানে গানে দর্শক মাতাবে ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিসের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান, রাফা ফিচারিং হাসান, পান্থ কানাই, ব্ল্যাক জ্যাং, আনিকা ও ডোরা।

আর্টসেলের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এরইমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গ্রামীণফোন নম্বর দিয়ে মাইজিপি অ্যাপ থেকেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কনসার্টের আয়োজন হচ্ছে ইনডোরে। ‌‘চলো বাংলাদেশ কনসার্ট’ দিয়ে অনেক দিন পর এবার আউটডোরের অভিজ্ঞতা পেতে যাচ্ছে শ্রোতারা। তাই কনসার্টপ্রেমীদের মধ্যে বেশ উন্মাদনাও বিরাজ করছে।

গ্রামীণফোন জানিয়েছে, ইতোমধ্যেই প্রচুর দর্শক রেজিস্ট্রেশন করেছেন। এই ধারা অব্যাহত রয়েছে। অনেক দিন পর বড় আয়োজনে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে, তাও আবার বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে এই আয়োজন। সব মিলে দর্শকদের তুমুল আগ্রহ আর সাড়া পাওয়া যাচ্ছে।
 

জানা গেছে, কনসার্ট শুরু হবে বিকাল ৪টা ২০ মিনিটে। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। আর গেট বন্ধ হয়ে যাবে ৭টা ৩০ মিনিটে।