ফিলিস্তিনিদের জন্য ঢাকায় কনসার্ট

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য কনসার্টের আয়োজন করেছে ঢাকার একদল তরুণ। গণহত্যাবিরোধী এ কনসার্টের শিরোনাম ‘টু গাজা ফ্রম ঢাকা’। ফিলিস্তিনের মানুষের জন্য আর্থিক তহবিলের সংগ্রহ করতে কনসার্টটি আয়োজন করেছেন ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

কনসার্টের আয়োজক প্রধানের অন্যতম সদস্য গায়ক আহমেদ হাসান সানী বলেন, ‘‘আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে কথা বলেছেন—‘গণহত্যা বন্ধ করো’। আমরা তাদেরই উত্তরসূরি। কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এই আয়োজন। এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে।’’

তিনি আরও বলেন, ‘কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তাঁর যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’ 

আপাতত কনসার্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর। তবে সঙ্গত কারণে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। আর এটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। তবে এর বেশি যদি কেউ ডোনেশন দিতে চান, সেই ব্যবস্থায়ও রাখা হয়েছে বলে জানান আহমেদ হাসান সানি।

কনসার্টে লাইনআপ প্রসঙ্গে তিনি বলেন, ‌‘‘আমরা পারফর্ম করার জন্য এখন পর্যন্ত কনফার্ম করেছি সংগীতশিল্পী মাশা ইসলাম, ব্যান্ড কার্নিভাল, ব্যান্ড বাংলা ফাইভ, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। এ ছাড়া ‌দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের মাকসুদ ভাইসহ অন্যান্য ব্যান্ডশিল্পীদের সঙ্গেও কথা হচ্ছে। প্রতিদিনই আমাদের পারফরমারের লিস্ট বড় হচ্ছে। আশা করছি সবাই মিলে বড় কিছু হবে।’’