ছোটবেলা থেকে গান শিখতে শিখতে বড় হওয়া প্রমিতির। পুরো নাম প্রমিতি কর্মকার। আজনবী সংগীত একাডেমি থেকে তাঁর সংগীত গুরু। একদম ছোটবেলায় সংগীতের নির্ধারিত কোর্স শেষ করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে রবীন্দ্র বিভাগের শিক্ষার্থী হিসেবে ভর্তি হোন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনটাও জায়গা করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। স্নাতক সম্পন্ন করেছেন। এত দিন অন্যান্য শিল্পীদের গান ও প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা নিয়েই ছিলেন। এবার এলেন গানের জগতে। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম মৌলিক গান ‘কুয়াশা তোমার’।
গানটির কথা ও কণ্ঠ প্রমিতির। সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক শোভন রায়। সুর মূলত এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায়।
শোভন রায় বলেন, ‘প্রমিতির সঙ্গে প্রথম কাজ এটি। গান নিয়ে কাজ এগিয়ে নিয়ে গেলে, আশা করি, সামনেও ভালো কিছু পাবো আমরা ওর থেকে।’
গত মঙ্গলবার প্রমিতির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানটির সম্পূর্ণ চিত্রগ্রহণ করেন অভিজিৎ ভক্ত নামের এক তরুণ চিত্রগ্রাহক ও সম্পাদক। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন আশরাফুল রাহমান। অভিজিতের জন্য ও মিউজিক ভিডিওর কাজ এই প্রথম।
প্রমিতি বলেন, ‘গানটির লেখা ও সুর করা ২০২২ এর অক্টোবরে। আর রেকর্ডিং হয় গত বছরের শীতে। তবে সংগীত আয়োজন ও ভিডিও ধারণ ও সম্পাদনা শেষ করে কাজ মুক্তি পেল ২০২৪ এর শীতে। কুয়াশা, শিশির, পিঠাপুলির গল্প মনে করা, আর তার সাথে মিষ্টি প্রেমের অনুভূতি আছে এই গানে।’
প্রমিতি বর্তমানে গানের পাশাপাশি কাজ করছেন একজন ভয়েস আর্টিস্ট হিসেবে। দুরন্ত টেলিভিশনসহ ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে বিভিন্ন অর্গানাইজেশন/ ব্র্যান্ডের জন্য কাজ করা হয়েছে তাঁর। এ ছাড়া গত বছরই জিঙ্গেল এ নিজের কণ্ঠের অভিষেক হয়েছে তাঁর। বাংলাদেশ টেলিভিশনে নতুন বছরের শুরুতেই রবীন্দ্র সংগীতশিল্পী তালিকাভুক্ত হয়েছেন তিনি।