আম্বানিপুত্রের প্রি-ওয়েডিংয়ে গাইবেন রিহানা, থাকবেন গেটস-জাকারবার্গ

ভারতের বিনোদনজগত এখন কাঁপাচ্ছে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের খবরে। মার্চ মাস পড়তে না পড়তেই টানা তিন দিন ধরে চলবে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। দেশটির অন্যতম ধনী গ্রুপ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়েতে থাকছে না চমকের কোনো কমতি।

আর দিন পাঁচেকের অপেক্ষার পরেই সেই অনুষ্ঠান। গুজরাটের জামনগরের এই আয়োজনে শামিল হচ্ছেন ভারতের প্রায় সব সিটে ইন্ডাস্ট্রির সুপারস্টাররা। শুধুই তারাই নন, অতিথি তালিকায় থাকছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা। অন্যদিকে প্রি-ওয়েডিংয়ে গাইতে ভারতে আসছেন পপস্টার রিহানা। ভারতীয় সূত্রের খবর মানলে, অনুষ্ঠানে দেখা যাবে বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান তথা ইলিউশনিস্ট ডেভিড ব্লেনকেও। নিজের হাতের কারুকাজে অতিথিদের অবাক করে দেবেন তিনি। মার্চের ১ থেকে ৩ তারিখ অবধি হবে এ আয়োজন।

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বাইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা। তার পর থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। এনকোর হেল্থ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। ২০১৭ সাল থেকে তিনি ইসপ্রভায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। অনন্তের সঙ্গে তাঁর পরিচয় বহু আগে থেকেই। সম্পর্কে জড়ানোর আগে বন্ধু ছিলেন দুজন। তাই বিয়েটাও করতে চান স্বজন ও বন্ধুদের সঙ্গেই।

শোনা যাচ্ছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে সপরিবারে যোগ দেবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো অভিনেতারা। থাকবেন সালমান খান, অক্ষয় কুমার, করিনা কাপুর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কাপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, বরুণ ধওয়ান, সিদ্ধার্থ মালহোত্র, শ্রদ্ধা কাপুররা। ইতোমধ্যে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, থাকা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি এবং নিয়মাবলীও ইতিমধ্যেই পৌঁছে গেছে অতিথিদের কাছে।