এনামুল করিম নির্ঝর
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘এক নির্ঝরের গান’-এর নতুন অ্যালবাম ‘তাল বেতালের শহরে’। শহরের নানা অভিজ্ঞতায় জীবন কাটানো মুহূর্তের বলা না-বলা কথা আর সুরে সাজানো হয়েছে অ্যালবামটি। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন গায়ক অটমনাল মুন। গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করেছে মিউজিক ভিডিও। আগামী ১১ এপ্রিল থেকে গানগুলো পাওয়া যাবে গানশালার ইউটিউব চ্যানেলে।
চঞ্চল চৌধুরী
এবারের ঈদেও অভিনেতা চঞ্চল চৌধুরীকে পাওয়া গেছে গায়ক হিসেবে। সঙ্গে আছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। নতুন সংগীতায়োজনে এই দুই তারকা নিয়ে আসছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি। আইপিডিসি আমাদের গান ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ইমরান
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। শিরোনাম ‘ভালোবাসি বলে যাও’। লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গায়কের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মারুফা তৃষা।
অ্যাশেজ
অ্যাশেজ-ভক্তদের জন্য সুখবর। প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ডটির আসন্ন অ্যালবামের তৃতীয় গান ‘বিভ্রম’। এরই মধ্যে ব্যান্ডটির অফিসিয়াল পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সম্প্রতি এই অ্যালবামেরর ‘নিরুদ্দেশ’ গানটি উন্মুক্ত হয়েছে।
তসিবা
প্রকাশ পেতে যাচ্ছে ‘নয়া দামান’খ্যাত তসিবার নতুন গান। এফ এ প্রিতমের সুর ও সংগীতে করা গানটির শিরোনাম ‘জানু স্বামী’। লিখেছেন ইলিয়াস হোসেন। নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। রোহান-বেলালের কোরিওগ্রাফিতে এতে মডেল হয়েছেন আলিফ ও জয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা।