২০০৯ সালে ইন্ডাস্ট্রি নতুনভাবে পরিচিত হয়েছিল নতুন এক গায়কের সঙ্গে; জয় শাহরিয়ার। সে বছরই ছড়িয়ে পড়ে, ‘সত্যি বলছি, তোমাকে আর ভালোবাসি না/ তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না’। এক গান দিয়েই বাজিমাত করেন গায়ক। প্রথম অ্যালবাম দিয়েই রীতিমতো তারকা বনে যান এই সংগীতশিল্পী।
দীর্ঘ ১৫ বছর পর জয় শাহরিয়ার প্রকাশ করলেন তার প্রথম গান ‘সত্যি বলছি’র মিউজিক্যাল ট্র্যাক (কারাওকে)। আর সেই অফিসিয়াল ট্র্যাকে ভক্ত-শ্রোতাদের কণ্ঠ দেওয়ার আহ্বানও জানান তিনি। সেরা একজনের জন্য থাকছে পুরস্কারও।
জয় শাহরিয়ার বলেন, ‘বছর পনেরো আগে এই দিনে প্রকাশ পেয়েছিল আমার প্রথম স্টুডিও অ্যালবাম সত্যি বলছি…। এই গান, এই অ্যালবাম আমার জন্য বিশেষ কিছু আজীবনের জন্য। আমার গানের জন্য যে ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।’
পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম অ্যালবাম তখন আমার শ্রোতাদের জন্য আমার ভালোবাসা আর কৃতজ্ঞতাস্বরূপ কিছু উপহার দিতে চাই। আজ উন্মুক্ত করছি সত্যি বলছি গানটির অফিশিয়াল কারাওকে (মিউজিক্যাল ট্র্যাক)। এতদিন নানা পাইরেটেড বা কপি কারাওকে পেয়েছেন নানা জায়গায়। আজ আমি আমার অ্যালবামের মূল যে ট্র্যাক সেটা প্রকাশ করলাম সবার জন্য।’
গানটিতে কণ্ঠ দেওয়ার আহ্বান জানান এ শিল্পী। তিনি জানান, পুরস্কার পেতে ট্র্যাকের ওপর এটি গেয়ে ফেসবুকে আপলোড করতে হবে। ৩টি হ্যাশট্যাগ (সত্যি বলছি, জয় শাহরিয়ার, Shotti Bolchhi) ব্যবহার করে সত্যি বলছির কাভার ভার্সনটি আপলোড কতে হবে। ৩১ মে পর্যন্ত এটা করা যাবে। সেখান থেকে সেরাজন পাবেন পুরস্কার।