হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে আজ (২৫ জুলাই) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীত নক্ষত্র।
মৃত্যুর কারণ হিসেবে সামনে এসেছে হৃদযন্ত্র অকার্যকর হওয়া। পরবর্তী সময়ে নানা জটিলতায় চিরবিদায় নেন শাফিন।
এদিকে পারিবারিক সূত্রে ইনডিপেনডেন্ট ডিজিটাল জানতে পেরেছে আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। ২০১৯ সালে রিং পরানো হয়েছিল তাঁকে। এ ছাড়াও হার্ট ঠিকমতো পাম্প না করায় বুকে বসানো হয়েছিল পেসমেকার।
শাফিন আহমেদের মামাতো বোন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা জানান, কক্সবাজারে অনুষ্ঠিত একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শাফিন আহমেদ। সেটা ২০১৯ সালে। তখনও তাঁর অবস্থা ছিল গুরুতর। সিসিইউতে ভর্তি ছিলেন এবং বুকে পেসমেকার বসানো হয়। এমনকি তাঁর শরীরে সেসময় কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক দিতেও বাধ্য হয়েছিলেন চিকিৎসকরা।
এদিকে আমেরিকায় অবস্থানরত গায়িকা দিনাত জাহান মুন্নী ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘হৃদযন্ত্রে আগের সমস্যার কারণে হয়তো এই ম্যাসিভ হার্ট অ্যাটাক থেকে শাফিন ভাইকে ফেরানো সম্ভব হয়নি। এ ছাড়া হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে কিডনি ফেইলরসহ নানা জটিলতা শুরু হয়েছিল।’
এদিকে জানা যায়, শাফিনের মরদেহ আনতে আজকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাঁর ভাই হামিন আহমেদ। এরপর বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।