একটা সময় মনি কিশোর মানেই ছিল হৃদয় এফোঁড়-ওফোঁড় করা গান। ১৯৯১ সালে আসে তাঁর প্রথম মিশ্র অ্যালবাম ‘চার্মিং বৌ’।
বিশেষ করে ‘তুমি শুধু আমারই জন্য’ অ্যালবামটি ছিল বাংলা গানের ইন্ডাস্ট্রিতে মাইলফলক। এমনকি এতে ছিল গায়কের সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার’।
এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মনি কিশোর বলেছিলেন, ‘এটা যুগান্তকারী ক্যাসেট। যা একবার প্লে করলে শেষ করেই তবে উঠতে হতো। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি ও মিল্টন খন্দকার খুব কষ্ট ও যত্ন করে অ্যালবামটি করি। ভেবেছিলাম, দুই ভাগে এটি বের করব। তবে পরে মনে হলো, এটা শ্রোতাদের জন্য অন্যায় করা হবে।’
মনি কিশোরের আসল নাম মনি মণ্ডল। নিজের নাম প্রসঙ্গে তাঁর ভাষ্য এমন, ‘মিল্টন খন্দকার একদিন আমাকে টিভিতে নিয়ে যায়। সেখানে ফিরোজ মাহমুদ বললেন, ধুর, কীসের মণ্ডল-টণ্ডল! কমার্শিয়াল না। তুই তো কিশোর কুমারের গান করিস। কিশোর কুমার তো মারা গেছে। তুই কিশোর কুমারের অর্ধেকটা নিয়ে নে। মনি কিশোর।’
এরপর মনি মণ্ডলের ‘মৃত্যু’ হয় বলে দাবি করেছিলেন এ শিল্পী। আর গতকাল (১৯ অক্টোবর) জানা গেল অসীমের পথে পাড়ি দিয়েছেন মনি কিশোর। তাঁর রামপুরার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত্যুর ঘটনা আরও ৪/৫ দিন আগের হয়ে থাকতে পারে।
নব্বই দশক থেকেই গান গেয়ে শ্রোতার মন মাতিয়েছেন মনি কিশোর। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় ‘কী ছিলে আমার’ গানটি তাঁরই সুর করা ও লেখা।