আসছে আইয়ুব বাচ্চুর নতুন গান 

ব্যান্ড লিজেন্ড শিল্পী আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার ছয় বছর পার হলো ১৮ অক্টোবর। তার পুরোনো গানগুলো আজও ভক্তদের কাছে প্রশান্তির খোরাক।

সেইসব শ্রোতাদের জন্য দারুণ এক সংবাদ এল। কিংবদন্তি এই শিল্পীর নতুন গান শুনবেন তারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশ হচ্ছে নতুন গান, ‘ইনবক্স’।

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এবি। আর আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, বাচ্চুর অপ্রকাশিত গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে। তারই একটি ‘ইনবক্স’। নিয়াজ আহমেদ অংশুর কথায় গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন গিটারের এই জাদুকর। আর গানটি প্রকাশ হচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে অর্থাৎ, আগামী ১ ডিসেম্বর। 

প্রসঙ্গত, বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডে’র যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডে’তে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানটি। এরপর গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। গানটির ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।

 এ প্রসঙ্গে এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করি, বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পন্সরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’