সম্প্রতি নিজের ‘লিভ টুগেদার’ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। এবার তাঁকে আইনি নোটিশ পাঠানো হলো। মুহম্মদ আরিফুল খবির নামের এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী।
শনিবার (২৮ ডিসেম্বর) স্বাগতাকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাগতার বিরুদ্ধে অভিযোগ, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবন যাপন করছেন অভিনেত্রী। একই সাথে তিনি তাঁর ইসলাম পরিপন্থি কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন।
নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই নারী পুরুষের সহবাস বা লিভ টুগেদার ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। এমন কাজ নিজে করে তা আবার প্রকাশ্যে স্বীকার করায় অভিনেত্রীর মাধ্যমে সমাজে সে ব্যাভিচার ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
তাই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অভিনেত্রীকে তাঁর উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে। অভিনেত্রী তা করতে অসম্মতি জানালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ রয়েছে।
এদিকে, আইনি নোটিশ প্রসঙ্গে গণমাধ্যমে স্বাগতা বলেন, ‘আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দিইনি। এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন। আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না। যার অনুভূতিতে আঘাত লেগেছে, তাকে অনুরোধ করব, তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন, আমার নিয়ম তাকে মানতে হবে না। আমি কোন বাস্তবতায় কী করেছি, সেটা তিনি বুঝতে পারবেন না।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন জিনাত শানু স্বাগতা। হাসানের জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। তিনিও সংগীতের সঙ্গে জড়িত।