শেষ হতে চলেছে ২০২৪। এ বছর শ্রোতাদের মুখে মুখে ফিরেছে বেশকিছু গান। বিশেষ করে, সিনেমার গানের দাপট ছিল নজরকাড়া। এ ছাড়া হিপহপ ও ব্যান্ড মিউজিকের কিছু গানও ছিল আলোচনায়। ফিরে দেখা যাক সেইসব—
দুষ্টু কোকিল
চলতি বছর সবচেয়ে সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’। এটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবেও ছিলেন আকাশ। গানটি প্রকাশের পরই শ্রোতারা তা লুফে নেয়। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে জুটি বাঁধেন কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা।
আওয়াজ উডা
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে আসে র্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানটি। এর মিক্স-মাস্টারিং করেছে স্নেয়ারবিট। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি ব্যাপক সাড়া ফেলে। এই জেরে ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
লাগে উড়াধুরা
শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার আরেকটি আলোচিত গান ‘লাগে উড়াধুরা’। দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। লিখেছেন শরীফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর-সংগীতায়োজনে যৌথভাবে ছিলেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।
রঙে রঙে রঙিন হব
বেশকিছু দর্শকপ্রিয় নাটকে তাহসান-ফারিণকে একসঙ্গে পাওয়া গেছে। তবে সংগীতে এবারই প্রথম। গত এপ্রিলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়ে তাঁদের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি। এর মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী ফারিণের। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
মা লো মা
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘মা লো মা’। এতে কণ্ঠ দিয়েছেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান, র্যাপার আলী হাসানসহ অনেকে। সুর-সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। লিখেছেন খালেক দেওয়ান। তবে গানটির রচয়িতা নিয়ে বিতর্ক রয়েছে। কোক স্টুডিওর মতে, এ গানের মূল রচয়িতা সাগর দেওয়ান ও আরিফ দেওয়ানের পূর্বপুরুষরা। অন্যদিকে, নেত্রকোণার সংস্কৃতিকর্মীদের দাবি, গানটির মূল গীতিকার বাউল রশিদ উদ্দিন।
রাজকুমার
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফের পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। একই নামের টাইটেল গানটি ফেরে শ্রোতাদের মুখে মুখে। যেখানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন আকাশ। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
কথা ক
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সবচেয়ে বেশি আলোচনায় ছিল র্যাপার সেজানের গাওয়া ‘কথা ক’। এটিরও মিক্স-মাস্টারিং করেছে স্নেয়ারবিট। রেকর্ডিং করেছেন রাকিব হাসান। গানটিতে মূলত বাকস্বাধীনতার বার্তা দেওয়া হয়েছে।
শোনো মহাজন
সংগীতাঙ্গনে চলতি বছরের ব্যতিক্রম এক ঘটনা ব্যান্ড শূন্যর ‘শোনো মহাজন’। ২০১৪ সালে তাঁদের ‘ভাগো’ অ্যালবামে গানটি প্রকাশ পেয়েছিল। এর এক দশক পর গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নতুন করে আলোচনায় আসে এটি। দেয়ালিকা থেকে রাজপথ—স্লোগানে পরিণত হয় গানটির কথাগুলো।