ঢাকায় গাইবে পাকিস্তানের ‘কাভিশ’, টিকিট বিক্রি শুরু

বিদায়ী বছরের শেষদিকে পারফর্ম করেছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ও আবদুল হান্নানও এসেছিলেন। এ ছাড়া রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ এবং বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। এবার নতুন বছরের শুরুতেই ঢাকায় আসছে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে গানের দলটি।

আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শীর্ষক কনসার্টে দু’দিন পারফর্ম করবে ব্যান্ডটি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিকস কমিউনিকেশন।

এ কনসার্টে পাকিস্তানের কাভিশ ছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ‌‘ঘাসফড়িং কয়ার’।

এ ব্যাপারে আয়োজক ব্লু ব্রিকস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি, যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’

জানা গেছে, ইতিমধ্যে কনাসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা টিকিটভাই ওয়েবসাইটে (https://ticketbhai.com/) পাওয়া যাচ্ছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। দর্শকদের জন্য প্রতিদিন বেলা ৩টায় প্রবেশ পথ উন্মুক্ত হবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সংগীতশিল্পী জাফর জাইদি ও মাজ মাওদুদের উদ্যোগে গড়ে উঠে ‘কাভিশ’। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা ২০০৯ সালে প্রকাশিত হয়। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ ও ‘ফাসলে’ উল্লেখযোগ্য।