১০০ শিল্পীর কণ্ঠে ১০০ গান

পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে নতুনভাবে ১০০টি ফোক গান কণ্ঠে তুলেছেন ১০০ জন শিল্পী। গত ১৯ ফেব্রুয়ারি এফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়। পুরো প্রজেক্টটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ডিজে রাহাত। মিউজিক প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

আদিব বলেন, ‘আমরা ৩০ দিনে গানগুলো তৈরি করেছি। একদিকে মিউজিক প্রোগ্রামিং হয়েছে, অন্যদিকে ভয়েস টেক নেওয়া হয়েছে। শিল্পীদের সহযোগিতার কারণেই এত অল্প সময়ে এ রকম বড় একটি প্রজেক্ট বাস্তবায়ন করতে পেরেছি।’

ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে।

একটি গানের ভিডিওচিত্রে সাব্বির, পিয়ানোতে শান সায়েক। ছবি: ই-পিয়ানো

আদিব জানান, এই প্রজেক্টের শিল্পী তালিকায় দেশের অধিকাংশ শিল্পীই রয়েছেন। এর মধ্যে রয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, জান্নাত তোরসা, সাথী খানসহ আরও অনেকে।

এরই মধ্যে পরের সিজন নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে। আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে ১,০০০ গানও করা সম্ভব। দেখি, নতুনভাবে আমরা কতগুলো গান উপস্থাপন করতে পারি।’

জানা গেছে, পুরো প্রজেক্ট বিদেশ থেকেই নিয়ন্ত্রণ করেছেন ডিজে রাহাত। তবে গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে দেশে আসেন তিনি। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার বিদেশে ফিরে যান তিনি।