ব্যক্তিজীবনের নানা জটিলতার কারণে অনেক দিন ধরেই নতুন অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। সর্বশেষ ২০২১ সালের মার্চে প্রকাশ পেয়েছিল ‘জাস্টিস’ শিরোনামে তাঁর একটি অ্যালবাম। এরপর থেকেই সেই বিরতির শুরু। অবশেষে ভক্তদের চমকে দিয়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নতুন অ্যালবাম প্রকাশ করলেন এই গায়ক।
শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত নতুন অ্যালবামটির শিরোনাম ‘সোয়্যাগ’। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই অ্যালবামে স্থান পেয়েছে ২১টি গান। যেখানে বিবারের সঙ্গে কাজ করেছেন গানা, সেক্সি রেড, ক্যাশ কোবেইন, লিল বি, এডি বেঞ্জামিনসহ আরও বেশ ক’জন তারকা।
সোয়্যাগ-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে বিবারের সংগ্রামের গল্প। এদিকে, সাম্প্রতিক সময়ে পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়েছিলেন গায়ক। বাবা দিবসে এই আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী, এটা আপনারা বুঝতে পারছেন না?’ সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে।
বিবারের একটি ঘনিষ্ঠ সূত্র মার্কিন সাময়িকী পিপলসকে জানিয়েছে, নতুন অ্যালবামটি গায়কের অন্য অ্যালবামের তুলনায় ‘আরও অন্ধকারাচ্ছন্ন, আরও অস্বস্তিদায়ক এবং কম পরিশীলিত’ হওয়ার কথা ছিল। তবে তা মোটেও ‘হতাশাজনক’ কিছু নয়। পাশাপাশি সূত্রটি আরও বলেন, ‘নতুন গানগুলোর তাৎপর্য অনেক গভীর, ভক্তরা ঘরানা পরিবর্তনের স্বাদ পাবেন।’