একক গানে ‘মেটাল মেইজ’র রাজীব

ব্যান্ডসংগীত শ্রোতাদের কাছে পরিচিত নাম ‌‘মেটাল মেইজ’। শূন্য দশক ও তার পরবর্তী সময়ে ব্যান্ডটির ‘ভালোবাসি তোমায়’, ‌‘বিশ্বাসের আলো’, ‘ভালোবাসার রং’, ‌‘জাজ এম অল’, ‘প্রশ্ন’ প্রভৃতি গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে সময়ের বিবর্তনে গানের জগতে অনিয়মিত হয়ে পড়েন তাঁরা। পরবর্তী সময়ে ব্যান্ড সদস্যদের কেউ কেউ বেছে নিয়েছেন নতুন গন্তব্য। এবার প্রথম একক গান প্রকাশ করলেন ব্যান্ডটির ভোকালিস্ট রাজীব খান। শিরোনাম ‘এই সময়’।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে গায়ক জানান, নতুন গানটি আধুনিক সংগীত ঘরানার। যেখানে রোমান্টিক ধাঁচের কথায় কিছুটা রাগসংগীতের ছোঁয়া রয়েছে। 

গানটির কথা ও সুর করেছেন রাজীব খান নিজেই। সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। বেস গিটার বাজিয়েছেন শিমুল আযহার। 

এই সময়’র শুরু ও শেষে বিশেষ কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা। স্টুডিও গানবাড়ীতে এর রেকর্ডিং সম্পন্ন হয়। সম্প্রতি গানটি এএস প্রোডাকশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ পেয়েছে।

১৯৯৫ সালে স্কুলপড়ুয়া রাজীব খান তাঁর গান-পাগল ও সমমনা বন্ধুদের সঙ্গে শুরু করেন সংগীত যাত্রা। গড়ে তোলেন তারুণ্যদীপ্ত ব্যান্ড মেটাল মেইজ। ২০০৩ সালে প্রকাশ পায় তাঁদের প্রথম অ্যালবাম ‘অজানা অধ্যায়’। এরপর ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘করপোরেট রোবট’।