‘বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব’ কিংবা ‘শেখ হাসিনা পালায় না’—এমন অনেক আলোচিত উক্তি দিয়েই গানের সুর বুনলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই প্রকাশ করলেন প্রতিবাদের গান—‘রানি মা… ২০২৫’।
গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) গানটি প্রকাশ করেছেন তিনি। যেখানে উঠে এসেছে ফ্যাসিবাদী শাসনের দাম্ভিকতা ও মুখ বন্ধ করে রাখার নিদান। শিল্পী নিজেই করেছেন গানটির কথা ও সুর।
এর কিছু কথা এমন—‘বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে/ বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে।’
সামাজিকমাধ্যমে গানটি প্রকাশ করে সায়ান লেখেন, ‘বাংলাদেশের মানুষ এক দুষ্টু রানিকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের বিজয়ের দিন। দুষ্ট শাসকেরা ভবিষ্যতেও পরাজিত হবেন মাটির মানুষের কাছে—এই বিশ্বাস নিয়ে বাঁচতে চাই।’