১৫ বছরে পা রেখেছে ব্যান্ড ‘কনক্লুশন’। ভক্তরা এ উপলক্ষে পাচ্ছেন তাঁদের ফেলে আসা দিনগুলোর গল্প শোনার সুযোগ। আগামী ১ নভেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে এক্স-ফোর্স প্রেজেন্টস ‘ফিফটিন ইয়ার্স অব কনক্লুশন’।
ব্যান্ড সদস্যদের মতে, ১৫ বছর পূর্তির এই কনসার্ট হবে শ্রোতাদের জন্য এক স্মরণীয় রাত। ব্যান্ড কনক্লুশন’র বিগত দিনের যাত্রা উদযাপন হবে এই রাতে।
২০১১ সালের শুরুর দিকে যাত্রা শুরু করে এই ব্যান্ড। তাঁদের ‘পরিণীতা’, ‘ওডিসি’ ও ‘সাজো তুমি’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ সমাদৃত। দীর্ঘ এই যাত্রায় ব্যান্ডটি অনেকবার নিজেদের সদস্য পরিবর্তনের মধ্যদিয়ে গেছে, তবে প্রতিটি অধ্যায়ে তাঁরা বিকাশ ও পরিচয়ে যোগ করেছে নতুন মাত্রা। এমনটাই মনে করছেন ব্যান্ডটির বর্তমান ও পুরনো সদস্যরা।
বিশেষ এই কনসার্ট হতে যাচ্ছে কনক্লুশনের অতীত ও বর্তমান সদস্যদের মিলনমেলা। ভক্তরা দেখা পাবেন তাঁদের প্রিয় কণ্ঠশিল্পী আতিফ ইমতিয়াজ ও বেজিস্ট মাহেয়ান হাসানের। বর্তমান সদস্যদের সঙ্গে তাঁরা একই মঞ্চে পারফর্ম করবেন।
এ ছাড়াও অতিথি শিল্পী হিসেবে কনসার্টে যোগ দিচ্ছেন দেশের সমসাময়িক সংগীত জগতের উল্লেখযোগ্য তারকা। তাঁদের মধ্যে রয়েছেন রায়েফ আল হাসান রাফা, ইফাজ (নেমেসিস), প্রিতম ও ফাসিহ (ওনড) এবং মার্ক রতুল সিনহা, সামিন ইয়াসার ও হাসিন আরিয়ানসহ (ফিরোজ জং) প্রায় ১৫ জন অতিথি শিল্পী।
এদিকে, চমক হিসেবে কনসার্টটি শুরু হবে ব্যান্ড ‘দ্য হেড অফিস’র পারফরম্যান্সের মধ্যদিয়ে। আয়োজক হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। ইতিমধ্যে ই-টিকিট প্ল্যাটফর্ম গেটসেটরক.কমে কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে।
কনক্লুশনের বর্তমান লাইনআপে রয়েছেন ইকরাম ওয়াসি (লিড গিটার), আতিফ ইমতিয়াজ (ভোকাল), হাসান মুনহামান্না (ভোকাল), মাহিয়ান হাসান (বেজ গিটার), জাকির হোসেন (লিড গিটার) ও জাকির হোসাইন (ড্রামস)।