রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের সুফি–রক ব্যান্ড জুনুনের গায়ক আলী আজমত ও ‘নগর বাউল’খ্যাত জেমসের যুগল কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’।
সব প্রস্তুতি শেষ থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনুষ্ঠানের ভাগ্যে শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত এসেছে।
শুক্রবার দুপুরে প্রথমে জানানো হয়, পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছিলেন, শিগগিরই অন্য ভেন্যুতে কনসার্টটি আয়োজনের চেষ্টা করা হবে এবং বিস্তারিত পরে জানানো হবে।
তবে কয়েক ঘণ্টা পর রাতেই আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানায়, কনসার্টটি স্থগিত নয়, সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বিবৃতিতে তারা বলেন, ‘দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিবেশের কারণে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।’
আয়োজকেরা দুঃখ প্রকাশ করে আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন তারিখ ঘোষণা করে অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা করা হবে।’
টিকিট রিফান্ড সম্পর্কে তারা জানান, শিগগিরই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রিফান্ডের পদ্ধতি ও পরবর্তী আপডেট জানানো হবে।