হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘একটা চাদর হবে’খ্যাত সংগীতশিল্পী জেনস সুমন। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
আজ শনিবার সকালে সুমনের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তাঁকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর ৮ নম্বর রোডের কবরস্থানে সমাহিত করা হয়। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন গায়কের ঘনিষ্ঠ ছোটভাই নাদিম।
মৃত্যুকালে জেনস সুমন তাঁর স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।
নব্বই দশকের শেষদিকে সংগীত জগতে অভিষিক্ত হন এই গায়ক। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে তাঁর গাওয়া ‘একটা চাদর হবে’ প্রচারিত হলে দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
১৯৯৭ সালে প্রকাশিত হয় সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর শ্রোতাদের ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বেশকিছু অ্যালবাম উপহার দেন। সব মিলিয়ে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন।