নির্ধারিত তারিখের একদিন আগে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল হয়। তবে কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আসামিরা হলেন আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’র সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল ও চেয়ারম্যান প্রমি ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে প্রতারণার অভিযোগে এ মামলার আবেদন করেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া।
গণমাধ্যমে বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলার আবেদন আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে, গত ১১ ডিসেম্বর সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে আতিফ আসলাম কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক-সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে সমাধান করতে পারেনি—এ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
গত ১৩ ডিসেম্বর ঢাকায় জমকালো আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে আতিফ আসলামের পাশাপাশি দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস, ফুয়াদসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল।