সারাদেশে বৈশাখী কনসার্ট, গাইবেন যারা

বাংলা নববর্ষের আমেজে সারা দেশ যখন রঙিন, তখন সুর আর তালেই জমে উঠছে বৈশাখের আয়োজন। পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বসছে একাধিক সংগীতানুষ্ঠান—যেখানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা।

রাজধানীতেও উৎসবের কমতি নেই। দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট দিনটিতে থাকছে ডাবল শোতে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর মঞ্চে পারফর্ম করবে তারা। ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’ ও ‘কানামাছি’র মতো জনপ্রিয় গান দিয়ে দর্শকদের মাতিয়ে তুলবে ব্যান্ডটি।

এদিকে বৈশাখের বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। এখানে অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অন্যদিকে, পাবনায় বৈশাখের সকাল শুরু হবে গানের মূর্ছনায়। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গান শোনাবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। সঙ্গে থাকছেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পী।

গানের পাশাপাশি নৃত্য পরিবেশনায় মঞ্চে উঠবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন আলিফ, প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন।