পর্দায় রাব্বির সঙ্গে মালাইকা, প্রীতমের গানে নতুন চমক

নতুন কিছু উপহার দিয়ে বরাবরই শ্রোতাদের মুগ্ধ করেন গায়ক-অভিনেতা প্রীতম হাসান। এবার তাঁর নতুন গানে হাজির চার তারকা! বৃহস্পতিবার (৩০ মে) রাতে প্রকাশ পেয়েছে এ গায়কের নতুন গান ‘সেকেন্ড নায়ক’, যার মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। পর্দায় ‘বুক পকেটের গল্প’খ্যাত অভিনেতা মীর রাব্বির সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা চৌধুরী। ভিডিওটি পরিচালনা করেছেন মনজুর অনিক। এরইমধ্যে শ্রোতা-দর্শকের মাঝে গানটি বেশ সাড়া ফেলেছে।

ভিডিওচিত্রে এক নতুন সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির আভাস দিলেন প্রীতম। তাঁর সঙ্গে যৌথভাবে গানটির কথা ও গল্প লিখেছেন নুহাশ। যেখানে দেখা যায়, প্রীতম তাঁর প্রিয়তমার জীবনে এক ‘সেকেন্ড হিরো’ বা দ্বিতীয় নায়ক হিসেবে অবিরত অবহেলিত হচ্ছেন। একগুচ্ছ ফুল কিনে দিলে মেয়েটি নাকি সেই ফুল ‘প্রথম নায়ক’কে উপহার দেয়! গানের কথায়, ‘এই মেয়ে, তোমাকে ভালোবেসে ফুল কিনে দিলে/সে ফুল দিয়ে দাও আরেক ছেলের হাতে/কিছু যায় আসে না আমার তাতে!’ 

মিউজিক ভিডিওজুড়ে রয়েছে বেশকিছু ক্লাসিক সিনেমার নস্টালজিয়া। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

সেকেন্ড নায়ক’র মিউজিক ভিডিওতে মিশে আছে বেশকিছু ক্লাসিক সিনেমার নস্টালজিয়া। এতে মহানায়ক উত্তম কুমারের সোনালী যুগের ‌‘নায়ক’, ‘দেয়া নেয়া’ থেকে শুরু করে হাল আমলের জনপ্রিয় ছবি ‘মনপুরা’র কিছু চমৎকার দৃশ্যের অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন দর্শক। গানটির মূলভাব ফুটে উঠেছে একটি লাইনে—‘আমি তোমার জীবনের সেকেন্ড নায়ক নাকি ভিলেন’। 

ভিডিওতে প্রীতমকে দেখা গেছে কখনও সিএনজি চালক, মাঝি, কখনও ট্রাক চালক আবার এয়ার পাইলটের মতো নানা বিচিত্র চরিত্রে; যেখানে প্রতিটি রূপেই তিনি প্রিয়তমার জন্য একবুক ভালোবাসা আর দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষা করেন। ইউটিউবের মন্তব্যঘরে কেউ একে ‘বাংলাদেশি শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত সেরা মিউজিক ভিডিও’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন প্রীতম আবারও তাঁর চেনা ছন্দে ফিরেছেন। অনেকে মালাইকা চৌধুরীর উপস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন। 

অন্যদিকে, মিউজিক ভিডিওর শেষদৃশ্যে দর্শকদের জন্য ছিল বড় এক চমক! সেখানে একটি নোটে ‘খোকা ২.০’ প্রকাশের ইঙ্গিত দিয়েছেন গায়ক প্রীতম, যা তাঁর পুরনো একটি জনপ্রিয় গানের সিক্যুয়ালের আভাস। আর তা মুহূর্তেই অনুরাগীদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে।

গানটির মিউজিক প্রোডাকশন ও কম্পোজিশন করেছেন প্রীতম নিজেই। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সমরেশ মুখার্জি।