বাপ কা বেটা! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে নগরবাউল জেমস তাঁর ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস বাজানো শেখাচ্ছেন। প্র্যাকটিস প্যাডে ধারণ করা এই ঘরোয়া ভিডিওতে জেমসকে বেশ যত্ন নিয়ে ছেলের হাতে ড্রাম স্টিক ধরিয়ে দিতে এবং বাজানোর কৌশল রপ্ত করাতে দেখা যায়।
বয়সটা এখনও ১ হয়নি, তবুও বাবার শেখানো প্রতিটি ধাপ খুদে জিবরানও দারুণ আগ্রহের সাথে অনুসরণ করছিল। সাধারণ শিশুদের কাছে যা খেলনা, রকস্টারের ছেলের কাছে যেন সেই জায়গা করে নিয়েছে ড্রামস আর গিটার। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছে। নেটিজেনদের মন্তব্য—বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে এখনই পা বাড়িয়েছে জিবরান।
গত বছরের ২২ অক্টোবর বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন জেমস। সেই সময় তিনি জানিয়েছিলেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার ছেলের সাথে সেই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়ে ভক্তদের নতুন করে চমকে দিলেন এই রক লিজেন্ড।