দেশের সুপরিচিত ও শ্রোতানন্দিত সুফি, ফোক ও আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্যদিয়ে আত্মপ্রকাশ এই শিল্পীর। এখন পর্যন্ত তাঁর ৭টি একক অ্যালবাম এবং ৫০টিরও বেশি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। নিয়মিত গান করছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘বাজে মনে বিন’।
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের কর্ণধার, গীতিকার ও নাট্যকার জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও অবন্তিকা রহমান। পরিচালনা করেছেন সৈকত রেজা। কোরিওগ্রাফি করেছেন রোহন ও বিল্লাল।
চলচ্চিত্রে প্রায় সাড়ে পাঁচশ’র বেশি গান গেয়েছেন স্বীকৃতি। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত বদিউল আলম খোকন পরিচালিত এবং মুন্না খান প্রযোজিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’-এ তাঁর গাওয়া আইটেম গান ‘আমায় দেখে পাশের মানুষ’ মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। এতে পারফর্ম করেছে প্রিয়া অনন্যা। দর্শক ও সমালোচকমহলে প্রশংসায় ভাসছে এই আইটেম গান।
স্বীকৃতি বলেন, ‘ভিউয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও দর্শক গান দুটি বেশ পছন্দ করেছেন। দুটি গান থেকেই বেশ সাড়া পাচ্ছি। সামনে নতুন আরও কয়েকটি গান আসছে।’
সংগীত ক্যারিয়ারে তিনি নিয়মিতই চমৎকার সব ফোক ও সেমি-ক্ল্যাসিকাল গান উপহার দিচ্ছেন। রেডিও, টেলিভিশন ও অডিও মাধ্যমে সমানভাবে কাজ করা স্বীকৃতির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে মোমিন বিশ্বাসের সাথে দ্বৈত গান ‘শিখাইয়া পিরিতি’, ‘মায়ের সম্মান’ সিনেমায় ‘প্রাণের চেয়ে প্রিয় কিছু নাই’ এবং ‘পান জর্দা’, ‘ওমুই বা শোনো’, ‘কী মায়া লাইলি’, কাজী শুভর সঙ্গে ‘বেয়াই বেয়াইন’ ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ সংগীতানুষ্ঠান এবং বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে তিনি নিয়মিত গান পরিবেশন করছেন।