২ জুলাই বিয়ে টেইলর সুইফটের, কঠোর গোপনীয়তা!

কয়েকদিন ধরেই মার্কিন পপতারকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে গায়িকার মুখে কুলুপ! প্রেমিক এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গোপনীয়তায় কোনো ঘাটতি রাখছেন না তিনি! সেজন্য বিয়ের কার্ড পর্যন্ত ছাপাননি।

একাধিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২ জুলাই নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর। সেসময় উপস্থিত থাকছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

এরইমধ্যে বাগদান সেরেছেন ট্র্যাভিস কেলসি ও টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

তবে সংবর্ধনা অনুষ্ঠানে নাকি থাকছে দুই হাজার অতিথি! আগামী ৩ জুলাই আয়োজন করা হতে পারে বিবাহ-পরবর্তী এ অনুষ্ঠান। 

শোনা যাচ্ছে, বিয়ের কার্ডের বদলে অথিতিদের দাওয়াত দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করে। গোপন রাখা হয়েছে অনুষ্ঠানের ভেন্যুও। 

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

বিয়ের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্রেও। গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে ট্র্যাভিসের টিম ‘কানসাস সিটি চিফস’র বেশ কয়েকজন খেলোয়াড় ম্যানহাটনের বিলাসবহুল হোটেলে রুম বুকিং দিয়েছেন।

ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশের রাস্তাও নাকি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাবু টানানো হয়েছে। ‘ইউনিক প্রোডাকশনস’ নামের একটি সংস্থা রয়েছে এই আয়োজনের নেপথ্যে। 

প্রসঙ্গত, গত বছর আগস্টে বাগদান সেরেছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। তবে এখন পর্যন্ত বিয়ে কবে—সে বিষয়ে মুখ খুলেননি তাঁদের কেউই।

সূত্র: পেইজ সিক্স