এবার ফ্রান্স মাতাবেন জেমস

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের শহর সারসেলে আগামীকাল রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। এবারের উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

আয়োজকদের ভাষ্য, ইউরোপে বসবাসরত বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ তুলে ধরতেই এ আয়োজন। স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের পর অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফরাসি পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন পেশাদার নিরাপত্তাকর্মীরাও।

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসব। জেমসের পরিবেশনার পাশাপাশি অংশ নেবেন স্থানীয় শিল্পীরা। এছাড়া নারী ও শিশুদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার।

মেলা প্রাঙ্গণে সাজানো হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের নানা স্টল, যা প্রবাসীদের কাছে দেশীয় আবহ ফিরিয়ে আনবে।

সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো এবং বিশেষ টিকিটের মূল্য ৭০ ইউরো।

এবারের আয়োজনের আরেকটি বড় আকর্ষণ থাকছে র‍্যাফেল ড্র। এতে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ইউরোপে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে।