যাত্রাবিরতিতে গাইবে ‘প্যানডোরা’

ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান যাত্রাবিরতির পক্ষ থেকে বলা হয়, ‘দীর্ঘদিন পর ফিরছে এই ফিউশন ব্যান্ড, যেখানে লালনগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ আরও অনেক আধুনিক বাংলা গানের সঙ্গে রক, জ্যাজ, ব্লুজ এবং অন্যান্য নানা ঘরানার সংগীতের এক দারুণ মিশ্রণ থাকছে। তাঁদের এই বৈচিত্র্যময় ও বিস্তৃত আয়োজনে লালন থেকে শুরু করে রবীন্দ্রনাথ—সবার জন্যই কিছু না কিছু থাকছে, যা এর আগে অন্য কোনো বাংলা ব্যান্ড পরিবেশন করেনি।’

এদিকে, কনসার্টটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ব্যান্ডটির ভোকালিস্ট নাদিয়া ডোরা। তিনি বলেন, ‘যাত্রাবিরতির সঙ্গে আমার পথচলা দীর্ঘ একদশকেরও বেশি সময়ের। এর আগেও সেখানে অনেকবার পারফর্ম করেছি। তবে এবারের পারফরম্যান্সটি আমার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ যাত্রাবিরতি যাঁর হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। এক কথায় বলব, তিনি আমার আইডল। দিদি এবার যখন আমাকে সেখানে পারফর্ম করার কথা বললেন, তখন আমি কতটা উচ্ছ্বসিত হয়েছি, তা বলে বোঝাতে পারব না! বুঝতেই পারছেন আমি ভীষণ এক্সাইটেড।’

আনুশেহ আনাদিলের সঙ্গে সেলফিবন্দি নাদিয়া ডোরা (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

জানা যায়, আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যাত্রাবিরতির মঞ্চে উঠবে প্যানডোরা। সেখানে নিজেদের মৌলিক গানের পাশাপাশি আনুশেহ আনাদিলের কিছু গানও তাঁরা কাভার করবেন। 

এ প্রসঙ্গে ডোরা বলেন, ‘আমি আমার ব্যান্ড প্যানডোরার পক্ষ থেকে দিদিকে (আনুশেহ আনাদিল) অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদের জন্য এটা অনেক বড় এক পাওয়া।’

যোগ করে শ্রোতাদের উদ্দেশে তাঁর ভাষ্য, ‘আমি সারাজীবন চেষ্টা করে এসেছি আমাদের বাংলা গান, বাংলা সংস্কৃতি—সেসব যেন পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সুন্দরভাবে। আপনারা বাংলা গানের সঙ্গে থাকুন। বাংলা গানকে ভালোবাসুন।’

এরইমধ্যে প্যানডোরার এই একক কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রাবিরতির ফেসবুক পেজে এ বিষয়ে শ্রোতাদের সকল আপডেট জানানো হচ্ছে।