একমঞ্চে গাইবে নগরবাউল-ওয়ারফেজসহ ৫ ব্যান্ড

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্ট। পাঁচ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি একক পরিবেশনা নিয়ে এদিন মঞ্চে উঠবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

কনসার্টটি ঘিরে এরইমধ্যে ব্যান্ডসংগীতপ্রেমীদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ই-টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ গতকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে টিকিটের ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে। একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে। অর্থাৎ, একবার প্রবেশের পর বের হয়ে গেলে ওই টিকিট দিয়ে আর ভেতরে ঢোকা যাবে না। এ ছাড়া হাতব্যাগের বাইরে বড় কোনো ব্যাগ সঙ্গে নেওয়া যাবে না। প্রবেশ ও অন্যান্য নিয়মসংক্রান্ত বিস্তারিত তথ্য টিকিট বিক্রির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টটি আয়োজনের জন্য এরইমধ্যে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। বড় কোনো জটিলতা তৈরি না হলে নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম’র পঞ্চম আসর।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার বসছে সিরিজটির পঞ্চম আসর। এর আগের আয়োজনগুলোর মধ্যদিয়ে রকসংগীতপ্রেমীদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে এই কনসার্ট ফ্র্যাঞ্চাইজি। এবার একমঞ্চে পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি দর্শক-শ্রোতাদের আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের।