কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
এদিন সংগীত পরিবেশন করবে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস’র প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদযাপনের একটি বিশেষ উদ্যোগ। দেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’
সংগীতপ্রেমী, সুফি সংগীতের অনুরাগী এবং নুসরাত ফতেহ আলীর ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় এক সন্ধ্যায় পরিণত হবে বলে আশাপ্রকাশ করছেন আয়োজকরা।
জানা যায়, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শক-শ্রোতাদের জন্য কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো ভেন্যুকে সাজানো হবে সুফি ভাইবস থিমে।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ নিশ্চিতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। এই কাওয়ালিসন্ধ্যার টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। এরইমধ্যে টিকিফাই ওয়েবসাইটে অনুষ্ঠানটির টিকিট বিক্রি শুরু হয়েছে।